ওয়াজের আড়ালে জঙ্গিদের আত্মঘাতী হওয়ার মন্ত্রণা দিতেন গুনবী: র‌্যাব

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১০:৪১ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কথিত আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবী ওয়াজের আড়ালে জঙ্গিবাদী মতার্দশ প্রচার করে সাধারণ জঙ্গিদের আত্মঘাতী হতে উদ্বুদ্ধ করতেন বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারের র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।  

আরও পড়ুন...ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত

৩৬ বছর বয়সী এই জঙ্গি নেতাকে বৃহস্পতিবার রাতে মিরপুরের বেড়িবাঁধ থেকে উগ্রবাদী বই ও লিফলেটসহ গ্রেপ্তার করা হয়।

খন্দকার আল মঈন বলেন, গুনবী মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস পড়ে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। পাশাপাশি ধর্মীয় মতাদর্শের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত হন। ২০১০ সাল থেকে তিনি ওয়াজ মাহফিল শুরু করেন। ধর্মীয় পুস্তকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

র‌্যাব মুখপাত্র বলেন, গুনবী ২০১৪ সাল থেকে ধর্মীয় বক্তব্যে উগ্রবাদিত্ব প্রচার শুরু করেন। তিনি প্রথমে জঙ্গি সংগঠন হুজি (বি) সঙ্গে যুক্ত হন। জঙ্গি নেতা জসীমউদ্দিন রাহমানীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হলে তিনি আনসার আল বাংলা টিম বা আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ত হন।

ব্লগার রাজিব হায়দার হত্যামামলায় দণ্ডিত হয়ে কারান্তরীণ জঙ্গিবাদ প্রচারক মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীর অনুপস্থিতিতে গুনবী শূন্যস্থান পূরণ করেন।

আনসার আল ইসলামের নেতা হাসান গুনবী দেশের বিভিন্ন অঞ্চলের মাদ্রাসায় বক্তা হিসেবে গিয়ে সেখানে শিক্ষকতা ও মাদ্রাসা পরিচালনায় সম্পৃক্ত হয়ে তিনি জঙ্গিবাদের বিস্তৃতি ঘটিয়েছেন বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাবের মুখপাত্র মঈন বলেন, আধ্যাত্মিক নেতা হিসেবে ব্যাপক পরিচিতি ছিল গুনবীর। সাধারণ জঙ্গিদের ‘মনস্তাত্ত্বিক পরিবর্তন’ ঘটিয়ে তাদের আত্মঘাতী হতে উদ্বুদ্ধ করায় ভূমিকা রাখতেন।

আধ্যাত্মিক নেতার ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, “গুনবীর বক্তব্যের মাধ্যমে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা অনেক। গ্রেপ্তার জঙ্গি সাকিব জিজ্ঞাসাবাদে জানা যায়, গুনবী তাদের কাছে ‘আধ্যাত্মিক নেতা’ হিসেবে পরিচিত। বক্তব্যের মাধ্যমে মানুষের মতাদর্শ পরিবর্তন করার একটি ক্ষমতা তার মধ্যে আছে।”

গত ৫ মে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসা জঙ্গি আল সাকিব গ্রেপ্তার হয়। আধ্যাত্মিক নেতা গুনবীর মাধ্যমেই সাকিব আত্মঘাতী হতে উদ্বুদ্ধ হয়েছিলেন জিজ্ঞাসাবাদে পুলিশ জানিয়েছে। এই সাকিব ঢাকায় পুলিশের উপর এবং সংসদ ভবন এলাকায় হামলার পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুন...ভারতের নয়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘বাংলাদেশি নাগরিকত্ব’ নিয়ে হইচই

খন্দকার মঈন বলেন, “একাধিক ধর্মীয় সংগঠন বা প্রতিষ্ঠানের সঙ্গে গুনবী জড়িত ছিলেন। সংগঠন বা প্রতিষ্ঠানগুলোর ভেতরে তার ঘনিষ্ঠদের মধ্যে সাইফুল ইসলাম, আব্দুল হামিদ, আনিছুর রহমান ও হাসানের মতো বেশ কয়েকজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে।”

তিনি বলেন, “সংগঠনের ভেতরে উগ্রবাদী মতাদর্শ প্রচারে গুনবী ‘ছায়া সংগঠন’ পরিচালনা করতেন। ‘মানহাজি’ সদস্য হিসেবে পরিচিত এই সংগঠনের সদস্যরা ভেতরে জঙ্গি সদস্য তৈরি করত। বিভিন্ন ইস্যুতে উগ্রবাদী ও সন্ত্রাসবাদ উসকে দিত। এখন পর্যন্ত তিন জন মানহাজির সন্ধান আমরা পেয়েছি।”

“গুনবী ‘দাওয়াত ইসলাম’-এর ব্যানারে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পরিবর্তনে উদ্বুদ্ধ করে জঙ্গিবাদে অন্তর্ভুক্তির বিশেষ উদ্যোগ নেন। তিনি মাহফিলের আড়ালে জঙ্গি সদস্য সংগ্রহ করতেন।”

কমান্ডার মঈন বলেন, “প্রাথমিকভাবে আমরা দেখেছি সে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের কাজ করেছে। সাম্প্রতিক সময়ে সে একটি ইসলামী রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে। হেফাজত ইসলামের বিভিন্ন সমাবেশে তিনি যোগ দিয়েছেন। তবে দাওয়াতে ইসলামের মাধ্যমে জঙ্গি সংগঠনের সঙ্গে তার সংশ্লিষ্টতা ঘরে ওঠে। পরবর্তীতে সে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা হিসেবে কাজ করতে শুরু করে।”

মঈন বলেন, “রাজবাড়ীতে ওসামার যে মাদ্রাসা রয়েছে সেখানে সে নিয়মিত মাহফিলে বক্তব্য দিত এবং উগ্রবাদী আদর্শ প্রচার করত। সেই মাদ্রাসায় সে একজন প্রতিষ্ঠিত উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে এসেছে ওসামা ও সাকিবের যে পরিকল্পনা ছিল সেখানে তার সংশ্লিষ্টতা ছিল। আর এই হামলার পরিকল্পনায় তার গাইডলাইন ছিল।”

সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনার অভিযোগে গত মে মাসে আবু সাকিব ওরফে আল আমিন নামে এক তরুণকে গ্রেপ্তার করার পর রাজধানীর শেরে-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে যে মামলা হয়েছিল, সেখানে হাসান গুনবীর নামও ছিল।

গত ৬ জুলাই মহাখালী থেকে গুনবীকে র‍্যাব তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগের বিষয়ে মঈন বলেন, তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে।

“তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় উগ্রবাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন মাহফিলে বক্তব্য দিতেন। তবে তার সর্বশেষ পরিকল্পনা ছিলে উত্তরবঙ্গ হয়ে দেশ ত্যাগের।”

তিনি বলেন, “র‍্যাব এখন পর্যন্ত ৩৭০ জন আনসার আল ইসলামের সদস্য জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি তারা আফগানিস্তানে যাবে বা তালেবানদের সঙ্গে যুক্ত হবে। তবে তাদের মধ্যে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার জন্য এক শ্রেণির স্কলার চেষ্টা করেছেন। এ ধরনের অনেক স্কলারকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"

রাজধানীর কোন এলাকায় জঙ্গিদের তৎপরতা বেশি জানতে চাইলে র‌্যাবের মুখপাত্র বলেন, “র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযান পর্যালোচনা করলে দেখা যায়, মিরপুর এলাকায় জঙ্গিদের তৎপরতা বেশি। আমরা প্রচুর পরিমাণে জঙ্গি মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত