কক্সবাজার শহরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফ আলী ওরফে আশু আলী (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার ভোরে কক্সবাজার শহরের ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, আশু আলী ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ বেশ কিছু মামলা রয়েছে।
নিহত আশু আলী কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে একটি স্যুটারগান, একটি দেশীয় তৈরি এলজি, ২টি গুলি ও ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ কক্সবাজারের উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় শহরের শীর্ষ সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলীর অবস্থানের খবর পেয়ে র্যাবের একটি দল অভিযানে যায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আশু আলী বাহিনীর সদস্যরা গুলি করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
গোলাগুলির একপর্যায়ে আশু আলী বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি করে একটি স্যুটারগান, একটি দেশীয় তৈরি এলজি, ২টি গুলি ও ৪টি গুলির খোসা ও গুলিবিদ্ধ অবস্থায় আশু আলীকে উদ্ধার করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত আশু আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র, ডাকাতি প্রস্তুতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে বলে এই র্যাব কর্মকর্তা জানান।
