চট্টগ্রামে পশু কোরবানির ৩০৪ স্থান নির্ধারণ

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১২:২০ এএম

চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডে এবার কোরবানির পশু জবাইয়ের জন্য ৩০৪টি স্থান নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে জবাই করা পশুর বর্জ্য ৮-১০ ঘণ্টার মধ্যে অপসারণের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব বর্জ্য অপসারণে ৩৩০টি গাড়ি এবং কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ প্রায় সাড়ে চার হাজারজন প্রস্তুত রয়েছেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ঈদের দিন নগরীতে কোরবানির পশু জবাইয়ের জন্য ইতিমধ্যে ৩০৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। পশু জবাইয়ের পর ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে এসব বর্জ্য অপসারণ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পর্যাপ্ত জনবল, ওয়াকিটকি, গাড়ি, কনটেইনার মোভার ও টমটম গাড়িসহ যা যা প্রয়োজন সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণে ঈদের দিন চসিক দামপাড়া অফিসে একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। যার নম্বর ০৩১-৬৩৩৬৪৯। নগরীর কোথাও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখলে কন্ট্রোল রুমে জানালে দ্রুত তা অপসারণ করা হবে।

এ প্রসঙ্গে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, প্রতি বছরের মতো এ বছরও দ্রুত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য অপসারণে ৩ হাজার ৬২০ জন শ্রমিক, ১৩০ জন কনজারভেসি অফিসার এবং প্রায় ৮০০ জন চালক-হেলপার নিয়োজিত থাকবেন। ঈদের দিন সকাল ৯টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। আশা করি ৮-১০ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত