গোপালগঞ্জে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা নিয়ে এগিয়ে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন অনুষদের ডিন ও প্রক্টর ড. রাজিউর রহমান। মহামারী পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতে নিজের বেতনের টাকায় প্রাথমিকভাবে চারটি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করে এ মানবিক কার্যক্রম শুরু করেছেন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’-এর বশেমুরবিপ্রবি ইউনিটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে তার এ মহৎ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য ইতিমধ্যে চারটি হটলাইন নম্বর চালু করা হয়েছে।
কভিড-১৯ আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ পার্শ্ববর্তী এলাকার কারও অক্সিজেনের প্রয়োজন হলে বাঁধনের স্বেচ্ছাসেবকরা অক্সিজেন নিয়ে ছুটে যাচ্ছেন। কখনো কাঁধে করে, কখনো বাইসাইকেল, মোটরবাইক, রিকশা বা অটোতে করে অক্সিজেন সিলিন্ডার বহন করছেন তারা।
বাঁধন বশেমুরবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. শাহ্ আলম বলেন, ‘প্রক্টর ড. রাজিউর রহমান স্যার তার এ উদ্যোগের কথা আমাদের জানালে আমরা সঙ্গে সঙ্গে রাজি হই। অক্সিজেন পেয়ে যদি একজন মানুষের জীবন বেঁচে যায়, এর থেকে পুণ্যের আর কী আছে। স্যারের এ উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করেছে।’
এ বিষয়ে ড. রাজিউর রহমান বলেন, ‘মহামারী পরিস্থিতিতে অকালে অনেক মূল্যবান জীবন ঝরে যাচ্ছে। যা কারও কাম্য নয়। এটি আমার সীমিত সাধ্যে একটি ক্ষুদ্র উদ্যোগ।’
