জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। নয় নম্বরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের সঙ্গে ৬৪ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। সেই সুবাদেই প্রবল চাপ কাটিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয় সফরকারীদের।
৩৪ বলে অপরাজিত ২৮ রানের ইনিংসের জন্য প্রশংসায় ভাসছেন সাইফউদ্দিন। ম্যাচ শেষে অপরাজিত ৯৬ রান করা সাকিব আল হাসানও কৃতিত্ব দিয়েছেন তাকে। সাইফউদ্দিন নিজেও খুশি দলের জয়ে অবদান রাখতে পেরে।
সোমবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় বলেন, ‘সুযোগ সবসময় আসে না। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে পারিনি, সেই চেষ্টা ছিল। অবশ্যই চাইব না সবাই আউট হয়ে যাক আর আমার সুযোগ আসুক। তবে কাল নিজের সামর্থ্য কিছুটা হলেও দেখাতে পেরেছি। দল আমার ছোট্ট অবদানে জিতেছে, এতেই আমি সবচেয়ে বেশি আনন্দিত।’
২৮ রান হয়তো তেমন বড় কোনো ইনিংস নয়। তবে সাইফউদ্দিন যে পরিস্থিতিতে ওই রান করেছেন, তা অনেক বড় ইনিংসের মতোই মূল্যবান।
রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে তিন নম্বরে নেমে সাকিব আল হাসান দুর্দান্ত খেলছিলেন। কিন্তু অন্যপ্রান্তে কেউ সেভাবে থিতু হতে পারছিলেন না। তাই জিম্বাবুয়ের দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ বিপাকে পড়ে যায় বাংলাদেশ। শেষে সাইফউদ্দিনকে পাশে পান সাকিব। চাপ কাটিয়ে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ।
এমন চাপ সামলানোয় সাইফউদ্দিনের জন্য প্রেরণা হিসেবে কাজ করেছে ফেনী, চট্টগ্রামের হয়ে ম্যাচগুলো। বেড়ে ওঠার সেই দিনগুলোতে এমন চাপ যে হরহামেশাই সামাল দিতে হতো তাকে।
বলছিলেন, ‘আমি ব্যাটসম্যান হিসেবেই ক্যারিয়ার শুরু করি। এর চেয়েও অনেক চাপের মুখে ব্যাট করেছি। ফেনীর হয়ে বয়সভিত্তিকে খেলার সময় দেখা যেত ৪০ রানের মধ্যে ৫-৬ উইকেট পড়ে যেত, এরপর এক প্রান্ত থেকে এক এক করে খেলে ২০০ রান করতাম। চট্টগ্রাম বিভাগের হয়ে বয়সভিত্তিকে খেলার সময় চাপের মুহূর্ত সামলেছি।’
‘আন্তর্জাতিক ক্রিকেটের চাপ অবশ্যই ভিন্ন। আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম এমন পরিস্থিতি ছিল। আগের অভিজ্ঞতা বারবার মনে করছিলাম।’- যোগ করেন সাইফউদ্দিন।
সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেধে ম্যাচ জেতানোর স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন পূরণ হওয়াতেও উচ্ছ্বসিত তিনি।
মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডে। যে ম্যাচে জয় পেলে ৩-০ তে নিশ্চিত হবে সিরিজ। আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় পাওয়া যবে পূর্ণ ৩০ পয়েন্ট।
তবে প্রথম দুই ম্যাচ জেতায় প্রতিপক্ষকে কিছুতেই হালকা করে দেখতে চান না সাইফউদ্দিন, ‘জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ঘরের মাঠে সব দলই দুর্দান্ত। এ জন্য বেশি মনোযোগ রেখে খেলছি, শতভাগ দিয়ে চেষ্টা করছি। প্রত্যেক সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। প্রসেস ঠিক থাকলে ৩-০ ব্যবধানে জিতব ইনশা আল্লাহ।’
