নারায়ণগঞ্জের করোনা ডেডিকেটেড খানপুর হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে অবশেষে তরল অক্সিজেন সরবরাহ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৯ জুলাই ‘প্ল্যান্ট আছে অক্সিজেন নেই’ শিরোনামে দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর গত শনিবার রাতে হাসপাতালটির অক্সিজেন প্ল্যান্টে তরল অক্সিজেন সরবরাহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে নারায়গঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘খানপুর হাসপাতালের জন্য লিকুইড অক্সিজেন পেয়েছি। এখন থেকে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে হাসপাতালের সব রোগীকে হাই-ফ্লো অক্সিজেন দেওয়া সম্ভব হবে। গুরুতর অসুস্থ কভিড রোগীদের উপশমে এই হাই-ফ্লো অক্সিজেন কার্যকর ভূমিকা রাখবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’
খানপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার এবং করোনা ফোকাল পারসন ডা. জাহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট সবাই অক্সিজেন প্ল্যান্ট চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জ শহরেই। তখন জেলাকে করোনার রেড জোন ও হটস্পট হিসেবেও ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর।
