পেগাসাস-কাণ্ডে উত্তাল ভারতীয় রাজনীতি। বিরোধী নেতা, মন্ত্রী, সাংবাদিক, আইনজীবীদের ওপর নজরদারি চালানোর অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। তা নিয়ে এবার মুখ খুললেন সিআইএ’র সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন।
তার বক্তব্য, অযাচিত সুযোগ নিতে ক্ষমতাশালীরাই আড়ি পাতেন।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ইসরায়েলি সংস্থার স্পাইওয়্যারকে কাজে লাগিয়ে মোদি সরকার ভারতে ৩০০-র বেশি ফোনে আড়ি পাতে বলে অভিযোগ। তাতে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলেও। সোমবার এ নিয়ে মুখ খোলেন স্নোডেনও।
ব্রিটিশ সংবাদমাধ্যমে মোদি সরকারকে নিয়ে একটি প্রতিবেদন টুইটারে পোস্ট করেন স্নোডেন, যাতে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর ফোনেও আড়ি পাতা হয়েছিল বলে দাবি করা হয়।
স্নোডেন লেখেন, “ক্ষমতার অপব্যবহার করে অযাচিত সুযোগ নিতেই এই আড়ি পাতা। এতে দেশের গণতান্ত্রিক ভিত্তির ওপর আঘাত হানা হয়েছে। এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন। দোষীদের শনাক্ত করে শাস্তি দিতে হবে।”
প্রায় এক দশক আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বজুড়ে নজরদারি চালানোর অভিযোগ আনেন স্নোডেন। মার্কিন নাগরিক স্নোডেন দেশের প্রতিরক্ষা মন্ত্রকের গুপ্তচর সংস্থা ন্যাশনাল সিকিউরিটি সার্ভেইল্যান্স (এনএসএ)-এ কর্মরত ছিলেন। সিআইএ-র হয়েও কাজ করতেন স্নোডেন। বিভিন্ন দেশে তাদের নজরদারি সংক্রান্ত গোপন নথি ফাঁস করে দেন স্নোডেন। বর্তমানে তিনি স্থায়ীভাবে রাশিয়ায় বসবাস করছেন।
