ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখী মানুষের চাপ রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাটে। রাজধানী থেকে ঘরমুখো যাত্রীদের বেশির ভাগই কঠোর লকডাউনের আগে বাড়ি ফিরতে চান।
ঈদের আগের লগডাউনে রাজধানীসহ বিভিন্ন স্থানে থাকা দক্ষিণাঞ্চলের মানুষগুলো আগামী ২৩ তারিখে শুরু হওয়া লকডাউনের পুরোটা সময় বাড়িতে কাটাতেই রাজধানী ছাড়ছেন।
আরও পড়ুন...চট্টগ্রামে ৪২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
বৃহস্পতিবার শিবচরের বাংলাবাজার ঘাটে ঘরমুখো মানুষের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই ঘরমুখী যাত্রীদের ভিড় রয়েছে। তবে ঢাকার উদ্দেশ্যেও লোকজন যাচ্ছে। ঈদের দ্বিতীয় দিন হিসেবে ঘরমুখো যাত্রীদের সংখ্যাও অনেক। নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। উভয়মুখী চাপ সামলাতে ব্যস্ত সময় পার হচ্ছে লঞ্চ ঘাটে।
শরিয়তপুরের যাত্রী রাসেল বলেন, ‘ঈদের আগে যেতে পারিনি। তাই আজ বাড়ি যাচ্ছি। সামনের লকডাউনে বাড়িতেই থাকবো।
এদিকে ঢাকাগামী যাত্রী মো. মহসিন বলেন, গত লকডাউনে বাড়ি এসেছিলাম। তাই এখন ঢাকা যাচ্ছি। শুক্রবার থেকে লকডাউন শুরু হলে যাতায়াতে সমস্যা হতে পারে। তাই আজই রওনা দিয়েছি।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঢাকামুখী চাপ বাড়েনি। এখনও ঘরমুখী চাপ রয়েছে যাত্রীদের। সকাল থেকে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চে করে বাংলাবাজার ঘাটে এসে নামছে যাত্রীরা। বাড়ি ফেরা যাত্রীদের ভিড় কমেনি এখনও।
