করোনায় সিলেটের নির্বাচন কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০২:২৩ এএম

করোনায় আক্রান্ত হয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (২৮ জুলাই) অনুষ্ঠিতব্য সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল ইসরাইল হোসেনের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনী দায়িত্ব পালনকালে দুজন সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত হন ইসরাইল হোসেন। প্রথমে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরাইলের মৃত্যু হয়। এ ঘটনায় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তা এবং তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব প্রদান করে ইসি। 

প্রসঙ্গত, সিলেট-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামী বুধবার (২৮ জুলাই) এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে গত শনিবার সিলেটে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা বলেন, ‘সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর সুযোগ নেই। নির্ধারিত দিনেই স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণ করা হবে। সব ভোটারকে মাস্ক পরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত