ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৫

আপডেট : ২৬ জুলাই ২০২১, ০৩:০৮ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে।

সোমবার সকালে সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে ফেরদৌস কবির (৩০), সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (১৮), মাসুদ রানা (২০), জয়নাল হোসেনের ছেলে সবুজ হোসেন (১৬)সহ ৫ জন।

আহত সোহেল রানার ভাই শাহজাহান আলী জানান, ঈদের পরদিন ওই গ্রামে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে ইমরান নামের এক যুবকের সাথে সাইফ নামের একজনের হাতাহাতি হয়।

বিষয়টি ফেরদৌস কবির তখন মিটিয়ে দিয়ে উভয়পক্ষকে বাড়িতে যেতে বলে।

সোমবার সকালে ফেরদৌস কবির পোল্টি মুরগীর খাবার কিনতে বাড়ি থেকে ডাকবাংলা বাজারে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে গ্রামের বটতলা নামক স্থানে পৌঁছালে ওই দিনের ঘটনার জের ধরে পথে ওৎপেতে থাকা ওই গ্রামের ইমরান হোসেন, মুকুল হোসেন, নজরুল ইসলাম, আলামিন হোসেন ফেরদৌসকে মারধর করেন।

খবর পেয়ে অন্যরা এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজাহান আলী অভিযোগ করে বলেন, ফেরদৌসকে মারধর করে তার কাছে থাকা ৮৪ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে গেছে।

এ ব্যাপারে নজরুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা মিথ্যা কথা আমরা তাদেরকে মারধর করিনি। ঘটনাস্থলে পুলিশ আসছিল। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার জন্য চেয়ারম্যানের উপর দায়িত্ব দেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত