এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সহজীকরণ জরুরি

আপডেট : ২৭ জুলাই ২০২১, ০২:৪৩ এএম

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সহজীকরণ, লিংকেজ শিল্প উন্নয়ন এবং অর্থনৈতিক অঞ্চলসহ ওষুধ শিল্প পার্ক (এপিআই) স্থাপনের কাজ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা।

গতকাল সোমবার দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘এলডিসি গ্র্যাজুয়েশন : চ্যালেঞ্জ এবং সুযোগ’ বিষয়ক ওয়েবিনারে বিশেজ্ঞরা এই পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বিশেষ অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য (শিল্প ও জ্বালানি বিভাগ) শরীফা খান।

আইসিএবি প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু স্বাগত বক্তব্য দেন। এতে প্যানেল আলোচক ছিলেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর, শিল্প গ্রুপ বিএসআরএফ চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) সাবেক সদস্য মোস্তফা আবিদ খান, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ।

বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলেন, এলডিসি থেকে উত্তরণের পরিপ্রেক্ষিতে আমরা প্রতিযোগিতার মুখোমুখি হব। পরিস্থিতি মোকাবিলায় ব্যবসাবান্ধব পরিবেশের উন্নয়ন ও বাণিজ্য সহজীকরণ জরুরি। এজন্য অর্থনৈতিক অঞ্চলগুলো স্থাপনের কাজ দ্রুত শেষ করতে হবে। পোশাক রপ্তানি খাতে উৎপাদনশীলতা বাড়াতে ফ্যাশন-ডিজাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরামর্শ দেন তারা। 

তারা বলেন, এলডিসি থেকে উত্তরণ হলে দেশের উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির একটি স্বীকৃতি মিলবে। আমাদের বাণিজ্য দক্ষতা ও অভিযোজন যোগ্যতার বিকাশ ঘটেছে। এমনকি যুক্তরাষ্ট্রের জিএসপি প্রত্যাহারের পরও পোশাক শিল্পের সাফল্য প্রশংসনীয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণ আমাদের সামনে নতুন বাস্তবতা নিয়ে আসবে। এতে বৈশ্বিক বাণিজ্যে কিছু সুবিধা হয়তো হারাতে হবে। বিশ^ বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অধীনে শুল্কমুক্ত সুবিধা আর কার্যকর না থাকায় আমাদের রপ্তানি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তিনি এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায় পরিবেশের আরও উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই করার পরামর্শ দেন।

আইসিএবি প্রেসিডেন্ট মাহমুদুল হাসান খসরু স্বাগত বক্তব্যে বলেন, বেসরকারি ও সরকারি উভয় ক্ষেত্রেই এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। বিনিয়োগকারীদের চাহিদা মেটাতে সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল এবং দুই ডজনেরও বেশি হাইটেক পার্ক উন্নয়নে কাজ করছে। বিনিয়োগকারীদের এক দরজায়  সেবা দেওয়া হচ্ছে। তিনি রপ্তানির গতি ধরে রাখতে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করার পক্ষে মত দেন।

মূল প্রবন্ধে শুভাশীষ বসু রপ্তানি প্রতিযোগিতা মোকাবিলায় পণ্য ও বাজার বহুমুখীকরণ এবং বাণিজ্য সহজীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত