স্ত্রীকে হার্টের রোগী সাজিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকা যাওয়ার পথে এক দম্পতিকে আটকে দিয়েছেন পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। চলমান ‘কঠোর লকডাউনের’ চতুর্থ দিন গত সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার লেবুখালী ফেরিঘাটে এ ঘটনা ঘটে। পরে ওই দম্পতিকে বাড়িতে ফেরত পাঠানো হয়।
জানা যায়, লেবুখালী ফেরিঘাট হয়ে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে যাত্রী পরিবহনের খবর পেয়ে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান ইউএনও শেখ আবদুল সাদীদ। এ সময় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স ফেরিতে ওঠার সময় জিজ্ঞেস করলে হার্টের রোগী রয়েছে বলে জানান চালক। কথার ভঙ্গিতে সন্দেহ হলে যাচাই করতে গিয়ে জানা যায়, ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন এক প্রবাসী। ‘লকডাউনে’ ঢাকা যাওয়ার কোনো বিকল্প না পেয়ে নিজের স্ত্রীকে হার্টের রোগী সাজিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পরে উল্টোপথে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে যাত্রীদের ফের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
