করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০১:৫৮ এএম

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি। ৮৭ বছর বয়সী মুহিত এখন রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মুহিত ইতিমধ্যে কভিড-১৯ টিকার দুটি ডোজই নিয়েছেন।

কিশোর ভট্টাচার্য বলেন, তিন থেকে চার দিন আগে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। গত সোমবার তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চেকআপ করেছেন। বর্তমানে তিনি বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখনো তার জটিল কোনো সমস্যা দেখা দেয়নি।

এদিকে আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এএসএ মুইজ সুজন বলেন, গত কয়েক দিন ধরে অসুস্থতাবোধ করায় গত রবিবার তিনি করোনা পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে ভাই মুহিতের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত