অভিভাবক ঐক্য ফোরামের বিবৃতি

ভিকারুননিসায় অ্যাডহক গভর্নিং বডি গঠনের দাবি

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০২:২০ এএম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং চলমান বিতর্কিত গভর্নিং বডি বাতিল করে অ্যাডহক কমিটি গঠনের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ভিকারুননিসার অধ্যক্ষ ও একজন অভিভাবকের কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে অধ্যক্ষের কণ্ঠে বলা গালিগালাজ শুনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা বিব্রত। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্যের ওপর আঘাত এসেছে, যা ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে আসীন থেকে বলা সমীচীন হয়নি। একই সঙ্গে ঈদুল আজহা উপলক্ষে ভিকারুননিসার মাঠে গরুর হাট বসানো সম্পূর্ণ অনৈতিক ও নিন্দনীয় কাজ, যা ঐতিহ্যবাহী স্কুলটির ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক ফোরাম নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অনৈতিকভাবে অধ্যক্ষের ওপর চাপ প্রয়োগ করে অসাধু পন্থায় অবৈধভাবে ছাত্রী ভর্তি, শাখা ও ব্রাঞ্চ বদলিবাণিজ্য, বিভিন্ন ধরনের নিয়োগবাণিজ্যের জন্য দর কষাকষি, অধ্যক্ষের বাসভবনে হামলা কোনোভাবেই কাম্য নয়। সরকারঘোষিত ছাত্রছাত্রী ভর্তি নীতিমালার বাইরে বিশিষ্টজনের সুপারিশ ও অভিভাবক ফোরামের সদস্যদের তদবিরে ছাত্রী ভর্তির কোনো সুযোগ নেই। এই শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো মূল্যে অবৈধ ভর্তিবাণিজ্য, শিক্ষক-কর্মচারী নিয়োগবাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের নামে সব ধরনের লুটপাটের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি করোনাকালে ক্ষতিগ্রস্ত অভিভাবকদের শিক্ষার্থীর টিউশন ফি মওকুফ করারও জোর দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত