টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মোংলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি-চিংড়ি ঘের

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:৪৬ পিএম

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে একাকার হয়ে গেছে।

পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকা ও ৭ নম্বর ওয়ার্ডের বটতলা-শেহলাবুনিয়া এলাকার রাস্তাঘাট হাঁটু পানিতে তলিয়ে রয়েছে। বাড়ি ঘরের মধ্যে পানি উঠায় লোকজন খাটের উপর বসবাস করছেন। বন্ধ হয়ে গেছে রান্নাবান্না ও পায়খানা প্রসাবের কাজও। ঘরবাড়ি ও রাস্তাঘাটে হাঁটু পানি জমায় কেউ যেমন বের হতে পারছে না, তেমনি ঘরেও থাকতে পারছে না। ঘর ছেড়ে কেউ কেউ রাস্তার উপরে অবস্থান নিয়েছেন।

টানা বৃষ্টিতে তলিয়ে জলাবদ্ধতায় এক রকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পৌর শহরের মিয়া পাড়া, মুন্সীপাড়া, জয়বাংলা, কুমারখালী, মাকড়ঢোন, কেওড়াতলা, ইসলামপাড়াসহ বিভিন্ন এলাকায়। বৃষ্টিতে পানি নিষ্কাশনের খাল ও ড্রেন তলিয়ে রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, অতি বৃষ্টিতে এখানকার প্রায় সাড়ে ৪শ চিংড়ি ঘের তলিয়ে গেছে। ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়ি ও সাদা মাছ। এতে চরম ক্ষতির মুখে পড়েছে স্থানীয় চিংড়ি চাষিরা। এ বৃষ্টি দীর্ঘায়িত হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। তবে বেশি ক্ষতি হয়েছে চিলা, জয়মনি ও কামারডাঙ্গা এলাকার ঘেরগুলোতে।

image

পৌরসভার পশুহাসপাতাল রোড এলাকার বাসিন্দা সালমা বেগম ও রুমা আক্তার বলেন, রাস্তায়ও হাঁটু পানি, ঘরেও হাঁটু পানি। আমাদের চুলা পানির নিচে, রান্না ও খাওয়াদাওয়া বন্ধ। খুব কষ্টে আছি আমরা।

একই এলাকার আ. ওহাব ও তোফায়েল হোসেন বলেন, ড্রেন নাই তাই পানি নামতে না পারায় রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে গেছে। হাঁটুরও উপরে রান সমান পানি হয়েছে। ছেলেমেয়েদের নিয়ে খুব বিপদে আছি। পায়খানা প্রসাবেরও কোনো ব্যবস্থা নেই। সবাই খাটের উপরে বসে আছি মালামাল নিয়ে।

তারা আরও বলেন, এমন বৃষ্টি আর এতো পানি আগে কখনও হয়নি। বন্যায়ও এত পানি হয় না।

বুড়িরডাঙ্গা ইউপি'র নব নির্বাচিত চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, এ ইউনিয়নের ছোটবড় ৩শ ঘের ও ২শ'র বেশি ঘরবাড়ি বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে।

এদিকে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত