লাকী আক্তারের কণ্ঠে ‘গাছেদের কান্না’

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১০:৫৩ এএম

গানে শোনা গেল শাহবাগ আন্দোলনের স্লোগানকন্যা-খ্যাত লাকী আক্তারের কণ্ঠ, শিরোনাম ‘গাছেদের কান্না’।

মে মাসে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে রেস্তোরাঁ-দোকান নির্মাণের উদ্যোগের বিপরীতে দাঁড়িয়েই লাকীর এই প্রতিবাদী গান-ভিডিও। নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন ২৭ জুলাই।

আজকে আমি জারুল হলাম/ পারুল বোনের লাগি/ ঘর হারালো চিলের ছানা/ ডুকরে উঠে কাঁদি/ আজকে কেন কদম কাঁদে/ বকুল মরে পথে/ করাত কেন কোপ বসালো/ স্মৃতির জয়রথে— এমন কথার গানটি লিখেছেন পাভেল পার্থ। সুর লাকীর ও সংগীতায়োজন করেছেন মুয়ীয মাহফুজ।

‘গাছেদের কান্না’ প্রসঙ্গে লাকী বলেন, “কিছু মানুষের সীমাহীন লোভের বলি আমাদের জমিন, বন আর প্রাকৃতিক সম্পদ। এর বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা চট্টগ্রামের সিআরবি, সুন্দরবন কিংবা লাউয়াছড়া- সবখানেই মানুষের দ্রোহ আছে। লড়াই আছে। এই গানটাতে গাছেদের কান্না কিংবা হাহাকারের সুর কিছুটা শোনা যাবে বলে মনে করছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত