অ্যাম্বুলেন্সে রোগী সেজে হেরোইন পাচারকালে আটক ২

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৫:৫৫ পিএম

গাইবান্ধায় অ্যাম্বুলেন্সে রোগী সেজে হেরোইন পাচারকালে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৩। জব্দ করা হয়েছে অ্যাম্বুলেন্সটি।

বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১৩ এর কার্যালয়ে অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে গাইবান্ধার উদ্দেশ্যে আসা একটি অ্যাম্বুলেন্সে মাদক পরিবহনের খবর পেয়ে গাইবান্ধা পলাশবাড়িতে চেকপোস্ট বসিয়ে হেরোইন উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, মাদক পরিবহনের জন্য মাদক ব্যবসায়ীরা নানা রকম কৌশল গ্রহণ করে থাকে।

আটককৃত মাদক ব্যবসায়ী বুলবুল আহমেদের (৪০) একটি পা পঙ্গু থাকায় কৃত্রিম পা সংযুক্ত করা ছিল। পরে সেই কৃত্রিম পায়ে তল্লাশি চালিয়ে ৪১০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১০ লাখ টাকার উপরে ধারণা করা হচ্ছে।

এ সময় সহকারী আজিজুর রহমানকেও (৩৫) আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর উভয়ের বাসা রাজশাহীতে।

এ ছাড়াও তাদের সাথে থাকা ৫টি মোবাইল ফোন, ৭ হাজার ৮ শত টাকা জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত