গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ তিনজন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় (পেট্রল পাম্পের সামনে) এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের তিনজন সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুজন নারী যাত্রী রয়েছেন। অপরজন কাভার্ডভ্যানের চালক।
আহত সিএনজির তিনযাত্রীর মধ্যে একজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় বগুড়াগামী কাভার্ডভ্যানটি পলাশবাড়ী উপজেলা শহরের উত্তর বাসস্ট্যান্ডে পৌঁছালে হঠাৎ করে রংপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে দুই চালকসহ এক নারী ঘটনাস্থলে মারা যান। এসময় আহত হন সিএনজিতে থাকা শিশুসহ তিনজন। তাদের মধ্যে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত্যু হয় আহত অপর এক নারীর।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান জানান, নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধারে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
