চুরির অপবাদে শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১০:৩১ পিএম

নওগাঁর মহাদেবপুরে চুরির অপবাদে শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় অভিযুক্ত নৈশপ্রহরী বকুল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে বাগাচারা এলাকার নির্মানাধীন একটি অটো গ্যাস ফিলিং স্টেশন অফিসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল চুরির অপবাদ দিয়ে ১০ বছর বয়সের ওই শিশুর চার হাত-পা বেঁধে লাঠি দিয়ে পেটায় ফিলিং স্টেশনের নাইট গার্ড বকুল। নির্যাতনের পর হাত-পা বাঁধা অবস্থায় দীর্ঘক্ষণ শিশুকে আটকে রাখে একটি কক্ষে। বেলা ১১টার দিকে শিশুর বাবা-মা বিষয়টি জানতে পেরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তাকে উদ্ধার করে। 

মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে জানায়, ঘটনাটি জানার পরপরই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুর বাবা খোরশেদ আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত