পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে (২২) কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো ছাত্রলীগ নেতা খলিল, নোমান ও নয়ন।
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্ত ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে ওই ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিবুলকে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
