বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও মৃত্তিকা বিজ্ঞানী ড. মযহারুল ইসলামের সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ নূর জাহান মযহার (৯১) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে ঢাকার ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, বিশিষ্ট পোশাক শিল্প ব্যবসায়ী শোভন ইসলাম ও আমেরিকার মেরিস্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. ছন্দা ইসলামের মা।
মৃত্যুকালে তিনি ২ ছেলে,২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আসর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের শক্তিপুর ও গাড়াদহ ইউনিয়নের চর নবীপুর গ্রামে মরহুমার জানাজার নামাজ শেষে শক্তিপুর ড.মযহারুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন।
এদিকে এদিন সকালে এ মৃত্যুর খবর এসে পৌঁছালে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই শাহজাদপুরের সাধারণ মানুষসহ নেতা-কর্মীরা তার শক্তিপুরের বাসভবনে এসে ভিড় জমান। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
