সোনারগাঁয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মোরসালিনকে গ্রেপ্তার করে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে সোনারগাঁ থানা পুলিশ মোরসালিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে রবিবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোরসালিনকে এক বছরের কারাদন্ড প্রদান করেন।
নির্যাতিত গৃহবধূ জানান, এসএসসি পরীক্ষার্থী থাকা অবস্থায় এক বছর আগে সোনারগাঁ পৌরসভার সোনারগাঁ জি আর স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন লাহাপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করে মোরসালিন।
বিয়ের এক মাস পর থেকে তাকে পর্নোগ্রাফি ভিডিও করতে চাপ দেয় মোরসালিন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় দেড় লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, স্ত্রীকে দিয়ে পর্নোগ্রাফি করাতে নির্যাতনের ঘটনায় বখাটে মোরসালিনকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
