গাজীপুরে শিশু অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৩:৪৬ পিএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে নাসিব (৭) নামে এক শিশুকে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কোনাবাড়ি থানার পুলিশ।

অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত শিশু নাসিব রংপুর জেলার কোতোয়ালি থানার শাহপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর সদর থানার পুটিমারী গ্রামের রুস্তম আলীর ছেলে শাহ আলম (২৮) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ছোট লক্ষীপুর বড়বাড়ী এলাকার মৃত বিল্লাল হোসেন প্রধানের ছেলে কামাল হোসেন প্রধান (৪৫)। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

কোনাবাড়ী থানার এসআই শওকত ইমতিয়াজ জানান, সোমবার সকাল নয়টার দিকে কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ফরমান আলীর দোকানের সামনে থেকে শিশু নাসিব অপহৃত হয়।

পরে পরিবারের পক্ষ থেকে ওই দিন দুপুরে কোনাবাড়ি থানায় অবহিত করলে পুলিশ তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার রায়েরটেক এলাকা থেকে রাত ৯টার দিকে শিশু নাসিবকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত