যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০২:১২ এএম

বিশ্বের অনেক দেশেই হু হু করে বাড়ছে করোনা রোগী। ইতিমধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা অনেক দেশেও উদ্বেগ ছড়াচ্ছে করোনার ডেল্টা ধরন। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে দক্ষিণাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডা ও লুইজিয়ানায় করোনাভাইরাস মহামারীতে এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সর্বোচ্চ বা সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে।

রবিবার ফ্লোরিডায় ১০ হাজারেরও বেশি রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়; সংখ্যাটি রাজ্যটিতে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার আগের রেকর্ডটি ছাপিয়ে যায়। লুইজিয়ানা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আগের রেকর্ডটি ভেঙে যাবে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজ্যটির ডেমোক্র্যাট দলীয় গভর্নর জন বেল এডওয়ার্ডস বাসিন্দাদের ঘরের ভেতরেও মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। 

এডওয়ার্ডসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রাজ্যটির রাজধানী ব্যাটন রুসের ‘আওয়ার লেডি দ্য লেক রিজিওনাল মেডিকেল সেন্টার’-এর প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ক্যাথরিন ও’নিল বলেন, ‘মহামারীর সবচেয়ে অন্ধকার দিন এগুলো। আমরা আর রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারছি না।’

তিনি লুইজিয়ানাবাসীদের টিকা নিয়ে নেওয়ার আহ্বান জানান ও হাসপাতালগুলো রোগীতে উপচে পড়ছে বলে সতর্ক করেন। অনেক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাই রাজ্যটি ছয় হাজার কর্মীর ঘাটতিতে পড়েছে বলে জানান তিনি। প্রতিবেশী আরক্যানস রাজ্যেও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে এবং শেষ পর্যন্ত আগের রেকর্ড ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো বে এরিয়ার আটটি কাউন্টির ইনডোর পাবলিক প্লেসগুলোতে মঙ্গলবার থেকে ফের মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্র্তৃপক্ষগুলো। নিউ ইয়র্ক ও নিউ জার্সি রাজ্যের গভর্নররা বলেছেন কারাগার, হাসপাতাল ও নার্সিং হোমের কর্মীদের টিকা নিতে হবে অথবা নিয়মিত পরীক্ষা করাতে হবে।

নিউ জার্সির গভর্নর ফিল মারফি বলেছেন, রাজ্যের বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর ফের বিধিনিষেধ আরোপ করতে পারেন তিনি।

এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ লাখ ১২ হাজার ১৪৪ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সময়ের মধ্যে মারা গেছে আরও ৮ হাজার ৪৫৪ জন। এক দিনের ব্যবধানে সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেড়েছে। এক দিন আগে নতুন সংক্রমণ ছিল ৪ লাখ ৬৬ হাজার ৩৯। একই সময়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৩৯ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৮৯৮। এর মধ্যে মারা গেছে ৪২ লাখ ৪৮ হাজার ৭৮৫ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৮২ হাজার ৩০০ জন।

এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৯৮০ জন। এদের মধ্যে মারা গেছে ৬ লাখ ২৯ হাজার ৮৬২ জন। তবে সুস্থ হয়েছে উঠেছে ২ কোটি ৯৭ লাখ ১৭ হাজার ৫৩৭ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৩৯৯ জন। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ২৫ হাজার ২২৮ জন। আর ইতিমধ্যেই সুস্থ হয়েছে ৩ কোটি আট লাখ ৮৮ হাজার ৭০২ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৫৯ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৫০১। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ২০৩ জন।

তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ১২ হাজার ১৮৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬০ হাজার ১৩৭ জন। তবে সুস্থ হয়ে উঠেছে ৫৬ লাখ ৪০ হাজার ৭৮৩ জন। অপরদিকে ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৫১ হাজার ৮০৩। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১১ হাজার ৯৩৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৭ লাখ ৮ হাজার ৯১৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত