আইপিএলের বাকি অংশ খেলতে ছাড়পত্র পাচ্ছেন সাকিব-মুস্তাফিজ

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১২:৩৫ পিএম

স্থগিত হয়ে যাওয়া ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ খেলতে বাংলাদেশের ক্রিকেটারদের নো-অবজেকশন সার্টিফিকেট বা ছাড়পত্র দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ প্রায় ১৮ মাস পিছিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিচ্ছে দেশের ক্রিকেট বোর্ড।

এর আগে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের প্রস্তুতি সারতে সাকিব আল হাসান ও মুস্তাফিজ রহমানকে আইপিএলের বাকি অংশ খেলতে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে এক বিবৃতিতে অনাগ্রহ প্রকাশ করে বিসিবি। তবে ইংল্যান্ডের বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ায় নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসছে বোর্ড।

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ইংলিশদের। কিন্তু তাদের এই সফর পিছিয়ে গেছে ১৮ মাস। ২০২৩ সালের মার্চে বাংলাদেশে আসবে ইংল্যান্ড।

বিসিবি ও ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) এই সিরিজের সূচি পুনঃনির্ধারণের বিষয়ে পারস্পরিকভাবে রাজি হয়েছে। 

সাকিব-মুস্তাফিজের ছাড়পত্রের বিষয়ে মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘হ্যাঁ, যদি তারা আবেদন করে এবং যদি আমাদের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকে তবে তারা আইপিএরে অংশগ্রহণ করতে পারবে। আমরা এখনো তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক পত্র পাইনি। আবেদনপত্র পেলে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

চলতি বছরের ৯ এপ্রিল শুরু হয়েছিল আইপিএলের ১৪তম আসর। কিন্তু ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় ৪ মে মাঝপথে স্থগিত হয়ে যায় এই ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট টুর্নামেন্ট। দেশে ফিরে যান ক্রিকেটাররা।

বাংলাদেশে ফেরেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব ও রাজস্থান রয়্যালসের তারকা মুস্তাফিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত