গত ৩০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ভ্যান ড্যাম অভিনীত ছবি ‘দ্য লাস্ট মার্সেনারি’। চলচ্চিত্রটি এখন এই ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তার তালিকার সেরা দশে অবস্থান করছে। আর এ ছবিতেই বাংলাদেশি পণ্যবিরোধী প্রচারণার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেছেন, ডেভিড চারহন পরিচালিত ফ্রেঞ্চ ভাষার এ ছবির মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্যকে নিম্নমানের বলে প্রচার চালানো হচ্ছে। ছবিটির ১ ঘণ্টা ৪১ মিনিটে শুরু হওয়া দৃশ্যে দেখা যায়, একজন অভিনয়শিল্পী বলছেন, ‘হ্যাঁ, এটা বুলেটপ্রুফ’। প্রত্যুত্তরে আরেকজন বলেন, ‘এটা মেড ইন ফ্রান্স। তবে যদি এটি বাংলাদেশ থেকে আসে তাহলে আমি ধ্বংস হয়ে যাব (নিম্নমানের)।’ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বিষয়টাকে নেহাত সিনেমার একটা ডায়লগ মনে করলে চরম বোকামি হবে। এটা খুব প্রচ্ছন্নভাবে করা হয়েছে বলেই ধরে নেওয়া ভালো। এবং বাংলাদেশের বা বাংলাদেশে তৈরি পণ্যের নেগেটিভ ব্র্যান্ডিংয়ের জন্য এসব মুভি যে মোক্ষম অস্ত্র তা চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে বলে মনে হয় না!’ কেউ কেউ লিখেছেন, ‘আমরা বুলেটপ্রুফ কিছু তৈরি করি না। তারপরেও এর সঙ্গে বাংলাদেশের নাম জুড়ে নিম্নমানের প্রমাণ করাটা সত্যিকার অর্থে একটা গভীর চক্রান্ত। বিশেষ করে বাংলাদেশের পোশাক, চামড়া, ওষুধ এবং অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য ব্যবসা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এসব করা হচ্ছে।’ তবে এ ঘটনা নিয়ে এখনো নেটফ্লিক্স বা ছবিটির প্রযোজনা সংস্থা থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। চলচ্চিত্রটির আইএমডিবি রেটিং মাত্র ৫.৪।
×
