রবীন্দ্রনাথের ছোটগল্পে ‘পয়লা নম্বর’

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১০:৪৬ পিএম

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে নির্মিত হয়েছে নাটক ‘পয়লা নম্বর’। আজ তার প্রয়াণ দিবস উপলক্ষে রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নাটকটি। নাট্যরূপ দিয়েছেন ফরিদুর রহমান। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সাবরিনা শফি নিসা, রামিজ রাজু, হাসনাত রিপন, তন্ময় সোহেল, আল আমিন, ঐশ্বর্য বীরজান, বোরহান বাবু , মৃণাল দত্ত, উত্তম অধিকারী প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে অনিলা বাবার আদরের মেয়ে। বিমাতা ও ছোটভাই সরোজকে রেখে বাবার মৃত্যু হলেও স্বামীর ঘরে তার সুখ-স্বাচ্ছন্দ্যের অভাব ছিল না। অবশ্য স্বামী অদ্বৈত সারাক্ষণ পড়াশোনা ও বন্ধুদের নিয়ে ব্যস্ত। সংসারের ভালোমন্দ, অভাব-অভিযোগ কোনো কিছুতেই তার মন নেই। স্ত্রীর প্রতি রয়েছে তার সীমাহীন উদাসীনতা। একসময় তাদের গলির মোড়ের পয়লা নম্বর বাড়িতে এসে ওঠেন সুদর্শন তরুণ জমিদার সীতাংশু মৌলী। অনিলার প্রেমে পড়ে সীতাংশু তাকে একের পর এক চিঠি লেখে। কিন্তু অনিলার দিক থেকে কোনো সাড়া মেলে না। একদিন অদ্বৈতর জন্য একটি চিরকুট লিখে রেখে সংসার ছেড়ে চলে যায় অনিলা। একই দিনে ভ্রমণের উদ্দেশ্যে সীতাংশুও কোথায় যেন যাত্রা শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত