লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে এক নারী আহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, করোনা রোগীদের চিকিৎসায় এক সপ্তাহ আগে একটি কোম্পানির পক্ষ থেকে আটটি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল। সেগুলো হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় খোলা স্থানে রাখা ছিল। বুধবার রাতে একটি সিলিন্ডারের মুখ খোলার সময় বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলম জানান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে আতঙ্কে ছোটাছুটি করলে কয়েকজন মেঝেতে পড়ে যায়। এ সময় এক নারী আহত হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ছুটে আসেন। যথাসময়ে তারা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
