রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন– মো. হৃদয়, মো. আকাশ ও মো. ফাহিম। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি চাপাতি, ১টি চাকু, ২টি লোহার রড ও ১০ হাত পাটের রশি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ডিএমপি নিউজকে বলেন, শনিবার দিবাগত রাত ১২টায় বাড্ডা থানার উত্তর বাড্ডা আলীর মোড় এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে জব্দকৃত মালামালসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, বাসাবাড়ি ও বিভিন্ন অফিসের মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকে।
এ বিষয়ে বাড্ডা থানায় মামলা হয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।
