একেবারে শেষ দিনে এসে চীনকে ছাড়িয়ে অলিম্পিকের শ্রেষ্ঠত্ব অক্ষুণœ রাখল যুক্তরাষ্ট্র। ৩৮টি স্বর্ণের সঙ্গে ৩১ রুপা জিতে আগের দিনও টোকিও গেমসের পদক তালিকার শীর্ষে ছিল চীন। যুক্তরাষ্ট্র ছিল দুটি স্বর্ণে পিছিয়ে। গতকাল যুক্তরাষ্ট্র নারী বাস্কেটবল দল এনে দেয় ৩৭তম সোনা। সাইক্লিং থেকে জেনিফার ভ্যালেন্টি স্বর্ণ জিতলে চীনের সমান হয় যুক্তরাষ্ট্রের স্বর্ণ। প্রথমবারের মতো এবারে গেমসে চীনাদের ছাড়িয়ে শীর্ষে ওঠে মোট পদক বিজয়ে। পরে গত দুবারের স্বর্ণবিজয়ী ব্রাজিলকে নারী ভলিবলের ফাইনালে হারিয়ে ৩৯তম স্বর্ণজয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো গ্রীষ্মকালীন গেমসে শ্রেষ্ঠত্ব অর্জন করে আমেরিকা। চীন ৩৮টি স্বর্ণসহ ৮৮টি পদক জিতে দ্বিতীয় হয়। ২০০৮ সালে নিজেদের দেশে অলিম্পিক আয়োজন করে সেরা সাফল্য দেখিয়েছিল চীন।
২০১২’র গেমসেও ৩৮টি স্বর্ণসহ ১০০টি পদক জিতে হয়েছিল দ্বিতীয়। কিন্তু রিও অলিম্পিকে তারা ব্রিটেনের চেয়ে একটি স্বর্ণপদক কম পাওয়ায় তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। ৫ বছর পর আবার দ্বিতীয় স্থান অর্জন করল তারা।
যুক্তরাষ্ট্র রিও ও লন্ডন গেমসের চেয়ে ৭টি স্বর্ণ কম পেয়েছে। বিশেষ করে সাঁতার থেকে তাদের শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছে অস্ট্রেলিয়া। সাঁতারে ২০১৬-তে যেখানে ১৬টি স্বর্ণ জিতেছিল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া জিতেছিল ৩টি স্বর্ণ, সেখানে এবার যুক্তরাষ্ট্র জিতেছে ১১টি স্বর্ণ, অস্ট্রেলিয়া ৯টা। অ্যাথলেটিক্সে রিওতে যেখানে ১৩টি স্বর্ণ জিতেছিল যুক্তরাষ্ট্র, এবার সেখানে জিতেছে ৭টি স্বর্ণ। গতবার একটিও পদক না জেতা ইতালি এবার দ্বিতীয় সর্বোচ্চ ৫টি সোনা জিতেছে অ্যাথলেটিক্স থেকে।
