নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার জব্দকৃত পণ্যের মূল্য ৫৫ লাখ ২৯ হাজার ৫৫৪ টাকা।
এসব পণ্যের মধ্যে রয়েছে দুই সাইজের ক্লিনিক প্লাস শ্যাম্পু ৩৫০ এমএল ১৪৫৫ পিস ও ৬৫০ এমএলের ৮১৭ পিস, ৮০ পিস স্ট্রেসমি প্লাস শ্যাম্পু, ৬৫০ এমএলের ১৯৭ পিস সানসিল্ক শ্যাম্পু, তিন সাইজের নবরত্ম তেল ৩০০ এমএল ৮৬৪ পিস, ২০০ এমএল ১০১৮ পিস ও ১০০ এমএরের ৬৯১ পিস, দুই সাইজের ডার্ক ফ্যান্টাসি বিস্কুট ৭৫ গ্রামের ৩৯৬০ পিস ও ২৫ গ্রামের ২৩১৫ পিস, ৫০০ গ্রামের হরিরিক্স ৩৮৩৬ পিস এবং দুই সাইজের কিটকেট চকলেট ৩৭ গ্রামের ১০৮৪৫ পিস ও ২৭ গ্রামের ৩১৫০ পিস।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।
তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নে বিজয়পুর বিওপি (বর্ডার অবজারবেশন পোস্ট) অবস্থিত।
১১৫১/৫-এস নং সীমান্ত পিলার হতে দেড়শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাপোর্ট নামক স্থানে একটি পরিত্যক্ত ঘরে চোরাচালানি পণ্য মজুত করছে। গোয়েন্দা তথ্যে এ খবর পেয়ে এই বিওপির নায়েব সুবেদার মো. আবুল আলম চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল ফাঁদ পেতে থাকে।
পরে পার্শ্ববর্তী ভবানীপুর বিওপিকে বিষয়টি জানালে দুই বিওপির সদস্যারা নৌকা দিয়ে দ্রুততার সাথে গত সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়।
এ সময় বিভিন্ন রকমের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। এ সকল পণ্যের সিজার মূল্য ৫৫ লাখ ২৯ হাজার ৫৫৪ টাকা এবং এগুলো জেলা কাস্টমস অফিসের জমা করা হবে বলে জানান বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে গত সোমবার রাত ৯টার দিকে আরেক বিজ্ঞপ্তিতে লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ওই দিন বিকেল পৌনে ৫টার দিকে এক অভিযানের চার লাখ ৮৫ হাজার ৫১৬ টাকা মূল্যমানের ভারতীয় ওষুধ জব্দের কথা।
এসব ওষুধের মধ্যে রয়েছে ১২৪০ পিস থ্যালি ডোমাইড ক্যাপসুল (১০০ এমজি), তিন হাজার পিস থ্যালি ডোমাইড ক্যাপসুল (৫০ এমজি), ছয় হাজার পিস ট্যাপান্টেডল ট্যাব (১০০ এমজি), ১০৯২ পিস স্টেরাইল ডোপামাইন কনসেন্ট্রেট আইপি (১২০ এমজি), তিনশ’ পিস থ্রোম্বোফবজেল (২০ গ্রাম) এবং ৮৪ পিস ছাড়ডি প্রাইম (০.৫ এমজি)।
