মহাবিপন্নের তালিকায় থাকা মিঠাপানির একটি কুমির আটকা পড়ে ফরিদপুর সদর উপজেলার একটি জলাধারে। বিরল প্রজাতির মিঠাপানির সেই কুমিরটির বর্তমানে ঠাঁই হয়েছে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।
গত ৯ আগস্ট সোমবার বিকেলে উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের জলিল মোল্লার ডাঙ্গী গ্রামের বাসিন্দারা কুমিরটিকে আটক করেন। পরে সেখান থেকে বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চলের কর্মকর্তারা গিয়ে কুমিরটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেন। পরে বুধবার দুপুরে এটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়।
ইতিপূর্বে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মিঠাপানির একটি পুরুষ কুমির থাকায় ফরিদপুরে উদ্ধার হওয়া এই মাদি কুমিরটিকে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এখানে নিয়ে আসে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, মিঠাপানির কুমির ২০০০ সালে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা, আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) স্থানীয়ভাবে বিলুপ্ত ঘোষণা করে। বিলুপ্ত ঘোষণা করার আগে বাংলাদেশের জলাধারগুলোতে শেষবারের মতো এ ধরনের কুমির দেখা গিয়েছিল ১৯৬২ সালে।
