ডিজিটাল নিরাপত্তা আইন

সাতক্ষীরার দুই এমপিকে হুমকি বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৫:০৮ এএম

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন সংসদ সদস্যকে হত্যার হুমকি দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার উপজেলার বেলেডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেনÑ মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইউসুপ হোসেন (২১)। মনিরুল ইসলাম স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন।

গতকাল এক ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মনিরুল ও ইউসুফ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।’

গত ৮ আগস্ট পৃথক ফেইসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবির মাথা এনে দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় প্রথমে সাতক্ষীরা সদর থানায় জিডি করা হয়। পরে গতকাল বাবা-ছেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (মামলা নম্বর-৩৪) রুজু করা হয়।

পুলিশ সুপার জানান, মনিরুল ও তার পরিবারের সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। ‘আজরায়িল জান নেই’ নামে ফেইসবুক আইডি থেকে আ ফ ম রুহুল হক ও মীর মোস্তাক আহম্মেদ রবির মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়। পরে ‘কালিমা মা’ নামে আরেকটি আইডি থেকে এ পোস্ট শেয়ার হয়। বিষয়টি নজরে আসার পর জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আইডি দুটি শনাক্ত করে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের বাড়ি থেকে আটটি মোবাইল ফোন, ২০টি সিম, তিনটি মেমোরি কার্ড, একটি ক্যামেরাযুক্ত ডিজিটাল হাতঘড়ি ও কিছু বই জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এমপিদের হুমকির কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তদন্ত করে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত