আইপিএলের আগে হঠাৎ সমস্যায় ধোনির চেন্নাই

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০৭:০৫ পিএম

করোনার কারণে স্থগিত থাকা আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে। সেপ্টেম্বরে আসর শুরু হলেও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস দেশটিতে যাবে আগেভাগেই। শুক্রবারই তাদের আরব আমিরাতে যাওয়ার কথা। কিন্তু সেটা এখন কয়েক দিন পিছিয়ে যেতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, ধোনিরা এখনো সংযুক্ত আরব আমিরাতে পা রাখার অনুমতি পাননি। যদিও ধোনি, রবিন উথাপ্পা, সুরেশ রায়না, রুতুরাজ গায়কোয়াড়রা ইতিমধ্যেই চেন্নাই পৌঁছে গিয়েছেন।

ফ্রাঞ্চাইজি কর্তা কাশী বিশ্বনাথন বলেন, ‘এখনো আমরা অনুমতি পাইনি। আমরা সারাক্ষণ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে যোগাযোগ রাখছি। আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে বিসিসিআই কথা বলছে। প্রথমে আমাদের বলা হয়েছিল বুধবারের মধ্যে আমাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র এসে যাবে। কিন্তু এখনো আমরা কিছু পাইনি।’

করোনার কারণে গত বছরও আইপিএল হয়েছিল সংযুক্ত আবর আমিরাতে। সেবারও চেন্নাই সবার আগে আরব আমিরাতে পৌঁছে গিয়েছিল। তার আগে চেন্নাইতে প্রস্তুতি ক্যাম্পও করেছিলেন ধোনিরা।

এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের শুক্রবার আরব আমিরাতে যাওয়ার কথা। তারাও এখনো অনুমতি পায়নি।

স্থগিত থাকা আইপিএলের বাকি অংশ শুরু হবে ১৯ সেপ্টেম্বর, ফাইনাল ১৫ অক্টোবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত