এসএমই ফাউন্ডেশনের ওয়েবিনার

উদ্যোক্তাদের আইসিটির ব্যবহার বাড়ানোর পরামর্শ

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১২:১৯ এএম

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এসএমই খাতের উদ্যোক্তাদের জ্ঞানভিত্তিক জনশক্তি গড়ে তোলার পরামর্শ দিয়েছেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বা আইসিটির ব্যবহার বাড়াতে হবে বলেও মনে করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনা ও চ্যালেঞ্জ : এসএমই প্রেক্ষিত’ ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপক তানভির ফয়সাল।

ড. মো. মফিজুর রহমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ কাজে লাগাতে আইসিটি ব্যবহারের বিকল্প নেই। তাই এ বিষয়ে এসএমই উদ্যোক্তাদের সচেতন করতেই এ ওয়েবিনারের আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।

ওয়েবিনারে জানানো হয়, চতুর্থ শিল্পবিপ্লব বুদ্ধিবৃত্তিক হওয়ায় ব্যবসা-বাণিজ্য করার সুযোগ কোনো নির্দিষ্ট ভৌগোলিক স্থানে আবদ্ধ থাকবে না বরং এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। পণ্য ও সেবা উৎপাদনের টুলস ব্যবহার করে কাঁচামাল, মানবসম্পদ, সময় ইত্যাদির সর্বোত্তম ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানো, পরিবেশ সুরক্ষাসহ সর্বোপরি সবার জন্য মানসম্মত জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিতসহ ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি করবে। অনগ্রসর, প্রান্তিক, বিশেষভাবে সক্ষম ও নারীদের ইন্টারনেটসহ বিভিন্ন টেকনোলজিতে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত