পদ্মা সেতুর পিলারে ধাক্কা: কাকলী ফেরির মাস্টার ও সুকানি বরখাস্ত

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০৯:১৮ পিএম

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেওয়া 'কাকলী' ফেরির মাস্টার মো. বাদল হোসেন ও হুইল সুকানি আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি। সঠিকভাবে ফেরি চালাতে না পারায় ওই দুই জনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সকাল পৌনে ৭টায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটগামী কাকলী ফেরিটি পথিমধ্যে পদ্মাসেতুর ১০ নম্বর পিলারের পাইল ক্যাপে ধাক্কা দেয়। নদীতে স্রোত ও প্রচণ্ড বাতাসকে ধাক্কার কারণ হিসেবে দাবি করেন ফেরির মাস্টার।

মো. জাহাঙ্গীর আলম খান জানান, মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে চলাচলরত ফেরি কাকলী সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় ফেরির ভারপ্রাপ্ত মাস্টার ও সুকানিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের ব্যাপারে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত কোনও নির্দেশনা আসেনি বলে জানান তিনি।

আরও পড়ুন: পদ্মাসেতুতে ধাক্কা দেয়া ‘কাকলিকে’ অন্য রুটে পাঠানোর চিঠি দিয়েছিলেন ফেরি মাস্টার (ভিডিও)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত