মোংলায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত ১৪

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৫:৩১ এএম

মোংলায় পাওনা টাকার সালিশিতে থানায় যাওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. ফয়সাল ইসলাম স্বর্ণ বলেন, আহতদের প্রায় সবারই মাথা ফাটা। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন বেল্লাল খান (৪০), রিপন খান (৩৫), আউয়াল খান (৩০), ইমামুল খান (২০), ইয়াসিন শেখ (২৭), সাউদ খান (৩৫), লিয়াকত খান (৬০), দেলোয়ার শেখ (৪০), টুকু মোড়ল (৩৫), নুর ইসলাম মল্লিক (৪৫), শামসু খাঁ (৬৫), দেলোয়ার হোসেন (৪০), নুরুল আমিন (৩৮) ও মাসুদ গাজী (৩৫)। এদের সবার বাড়ি সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে। আহতদের এক গ্রুপ সুন্দরবন ইউনিয়নের আওয়ামী লীগ নেতা একরাম ইজারাদারের ও অপর গ্রুপ যুবলীগ নেতা আহাদুল মেম্বারের অনুসারী বলে জানা গেছে। একরাম ইজারাদার দাবি করেন, সালিশিতে যাওয়ার পথে আহাদুল মেম্বারের লোকজন দা ও রামদা দিয়ে কুপিয়ে তার লোকজনকে জখম করেছে। অপরদিকে আহাদুল মেম্বার বলেন, একরাম ইজারাদারের লোকজনই তার লোকদের কুপিয়েছে।

মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, শুনেছি থানায় একটি সালিশিতে আসার সময় গাড়িতে ওঠা নিয়ে পথে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সুন্দরবন ইউপি চেয়ারম্যান মো. শেখ কবির উদ্দিন বলেন, স্থানীয় কবির ও জামাল ফকিরের মধ্যে পাওনা টাকা নিয়ে শুক্রবার মোংলা থানায় সালিশ হওয়ার কথা ছিল। সেই সালিশে যাওয়ার পথে বাঁশতলা বাজারে তাদের মধ্যে গাড়িতে ওঠা নিয়ে তর্ক শুরু হয়। এর এক পর্যায়ে দুই গ্রুপের পেশিশক্তির মহড়ায় সেটি সংঘর্ষে রূপ নেয়। সবাই দা ও লোহার রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে শুনেছেন তিনি। এতে বেশ কয়েকজন জখম হন। আহতরা সবাই আওয়ামী লীগের রাজনীতি করেন বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনায় বাঁশতলা বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। বড় ধরনের যেকোনো সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ অবস্থান করছে বলে জানা গেছে। তবে বেশ কিছুদিন ধরে উপজেলার সুন্দরবন ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এ পর্যন্ত বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওইসব ঘটনায় মামলা বিচারাধীন বলে জানান মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত