ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ৫ যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিমেন্টভর্তি একটি ট্রাক ওই এলাকায় বিকল হয়ে দুপুর থেকেই দাঁড়িয়ে ছিল। শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনজন এবং কমপক্ষে ২০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও দুজন।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন আছেন।
