আফগানিস্তানের ক্ষমতা দখলের হামলা নয় আলোচনা চায় বলে জানিয়েছে তালেবানরা। ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ করতে চাইছে দেশটির সরকারও।
ইতিমধ্যে কাবুলে পৌঁছে গেছে তালেবান বাহিনী। তারা চারদিক থকে কাবুলকে ঘিরে ফেলেছে। রবিবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী অন্তবর্তী সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে বলে সংবাদমাধ্যম বিবিসির খবরে জানানো হয়।
এরপর বিদ্রোহী তালেবানরাও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষে তাদের অবস্থান জানায়। তাদের পক্ষ থেকে এক মুখপাত্র টুইট করে জানান, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলমান থাকলে সরকারের সঙ্গে আমরাও কাবুলের নিরাপত্তা নিশ্চিত করব।
আল জাজিরার খবরে বলা হয়, তালিবানরা তাদের বাহিনীর সদস্যদের শান্ত থাকার ও সহিংসতা এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
কাবুল পরিস্থিতি নিয়ে আফগানিস্তানের টেলিভিশন চ্যানেল টোলো টিভিতে প্রচারিত এক ভিডিও বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, আফগান জনগণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কাবুলে কোনো হামলার ঘটনা ঘটবে না। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ করা হবে।
রাজধানী শহরটিতে কোনো ধরনের সংঘাত চাচ্ছেন না তালেবান নেতারাও। কাবুলে এই মুহূর্তে অবস্থান করছেন আল-জাজিরার সাংবাদিক চার্লট বেলিস।
তালেবানের সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, তালেবান নেতারা সবাইকে শান্ত থাকার জন্য বলেছেন। তাঁরা শান্তির বার্তা নিয়ে এসেছেন।
ওই সূত্রের বরাত দিয়ে চার্লট বেলিস আরও বলেন, কাবুলে তালেবানের সংঘাতে জড়ানোর কোনো উদ্দেশ্য নেই। শহরের সরকারি ভবনগুলো সুরক্ষিত আছে। কেউ শহরটি ত্যাগ করতে চাইলে তাদের এ সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নারীদের নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে তালেবানের আন্তর্জাতিক মুখপাত্র সুহাইল শাহিনের সঙ্গেও কথা হয়েছে আল-জাজিরার। তিনি বলেছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে আফগান সরকারের সহযোগিতার অপেক্ষা করছেন তাঁরা।
এর আগে কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়েছেন তালেবান যোদ্ধারা। শহরটির চারদিক থেকে প্রবেশ করছেন বাহিনীটির যোদ্ধারা।
