বিশ্বে আগস্ট মাসে দিনে ৬ লাখ শনাক্ত, ৯ হাজার মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০২:২৪ এএম

লাগামহীন করোনার সংক্রমণ কমছে না কোনো মতেই। পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে তৃতীয় ঢেউ চলছে এখন। অবশ্য কোনো কোনো দেশে ইতিমধ্যে চতুর্থ ঢেউ শুরু হয়েছে। দ্বিতীয় ঢেউ শেষে বিশ্বে দৈনিক শনাক্ত ৩ লাখে নেমে এলেও এখন তা আবার ৭ লাখের ওপরে উঠেছে। আর দৈনিক মৃত্যুও কোনো কোনো দিন ১০ হাজারের বেশি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, চলতি আগস্ট মাসের প্রথম ১৫ দিনেই বিশ্বে নতুন করে ৯১ লাখ ২২ হাজার ৭১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ এই সময়ে দৈনিক শনাক্ত হয়েছে ৬ লাখ ৮ হাজারের বেশি রোগী। আলোচ্য সময়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৩ জন। এই সময়ে দৈনিক মৃত্যু হয়েছে  ৯ হাজার ২০০ জনের। 

ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন এবং মারা গেছে ৮ হাজার ৭৯২ জন। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৭৭ লাখ ১৩ হাজার ২৪৭। এর মধ্যে মারা গেছে ৪৩ লাখ ৭১ হাজার ৩৭২ জন। আর সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৬৪ লাখ ১৫ হাজার ৮৪৮ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ৮৩৫। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৩৭ হাজার ৪৩৯ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১ লাখ ৪৪ হাজার ৬০৯ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩১ হাজার ২৫৩ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৪৬০ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩ লাখ ৫০ হাজার ১৪২। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। তবে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন।

সংক্রমণ ও মৃত্যুতে চতুর্থ রাশিয়া এবং পঞ্চম ফ্রান্স। এরপরই আছে যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইতালি, ইরান, জার্মানি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পেরু, নেদারল্যান্ডস, ইরাক, ফিলিপাইনের মতো দেশগুলো।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত