হাতীবান্ধায় ‘গাছখেকো’ চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১২:১০ এএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

স্থানীয় সড়কের প্রায় ৪ কোটি টাকার সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগে গত ৮ আগস্ট ইউপি চেয়ারম্যান আবু হেনার বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা আবদুর রহমান। অভিযোগকারী আবদুর রহমান বলেন, ‘৯ দিন হয়ে গেল কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা হতাশ। আজ (গতকাল) মানববন্ধন করা হলো। অতি দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোরতম কর্মসূচি দেওয়া হবে।’

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, গাছ কেটে ফেলার ঘটনাটির এখনো তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত