১৫ আগস্টের ইতিহাস ভুললে জাতি পথভ্রষ্ট হবে : আইনমন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০২:১৩ এএম

১৯৭৫ সালের ১৫ আগস্টের ইতিহাস ভুলে গেলে বাঙালি জাতি আবারও পথভ্রষ্ট হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি আরও বলেছেন, ‘যারা এদিন নৃশংস হত্যাকা-ের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের পরিসমাপ্তি ঘটানোর চেষ্টা করেছিলেন, তারা এখনো সেই ষড়যন্ত্রে লিপ্ত এবং এই হত্যাকান্ডের ইতিহাস বিকৃতির চেষ্টা করে যাচ্ছেন। এসব শত্রুকে আর জায়গা করে দেওয়া যাবে না।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল শোকসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ইনডেমনিটি অধ্যাদেশ হয়েছে, আইনের শাসন ধূলিসাৎ হয়েছে, ২১ বছর বঙ্গবন্ধু হত্যা মামলার কোনো এফআইআর হয়নি। ১৯৯৬ সালে ওই অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের হয়েছে। অথচ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাত জন বিচারক বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনতে বিব্রত বোধ করেছেন। এগুলো ইতিহাসের সত্য কথা, ভুলে গেলে চলবে না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির জন্য আজীবন চেষ্টা করে গেছেন। আমাদের সবার দায়িত্ব হবে বঙ্গবন্ধুর এ স্বপ্নগুলোকে  বাস্তবায়ন করা, তার আদর্শ লালন করা।’ শোকসভায় আরও উপস্থিত ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা প্রমুখ।

 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত