আড়াইহাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানের ১০০টি প্রতিষ্ঠান ১০০ কোটি ডলারের বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। গতকাল শনিবার রাজধানীর পান্থপথে জেএমআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিএনএ সল্যুশন লিমিটেডে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
এ সময় একই ভবনে থাকা জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান নিপ্রো করপোরেশন এবং বাংলাদেশের জেএমআইয়ের যৌথ অংশীদারের প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই কিডনি ডায়ালাইসিস সেন্টারও পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত।
এ সময় ইতো নাওকি বলেন, ‘গত দশ বছরে নিপ্রো করপোরেশন বাংলাদেশের জেএমআই গ্রুপের সঙ্গে মিলে ১০০ মিলিয়ন ইউএস ডলারের বেশি বিনিয়োগ করেছে, যা অত্যন্ত আনন্দদায়ক। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যত বাড়বে, জাপানি অর্থায়নও তত বাড়বে। বাংলাদেশ সরকার ঢাকার পাশেই আড়াইহাজারে জাপানের জন্য নিবেদিত অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে। সেখানে অনেক জাপানি কোম্পানি আসবে। প্রাথমিকভাবে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে ১০০টি জাপানি কোম্পানির ১ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ। এ ক্ষেত্রে ওষুধ খাত খুবই গুরুত্বপূর্ণ। জেএমআইয়ের সঙ্গে নিপ্রোর বিনিয়োগের সাফল্য বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আরও জাপানি বিনিয়োগ আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’ এ সময় জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক জানান, এ গ্রুপের চারটি প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে জাপানের নিপ্রো করপোরেশনের। গত বছর করোনা মহামারীর মধ্যেও এসেছে ১২৮ কোটি টাকার বিনিয়োগ।
