এবার ১৮ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা করোনা টিকার জন্য নিবন্ধন করার সুযোগ পাচ্ছেন। কভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্রছাত্রীদের নিবন্ধনের জন্য নতুন একটি অপশন খোলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, গত বৃহস্পতিবার থেকেই সুরক্ষা অ্যাপে এই অপশনটি চালু হয়ে গেছে। শিক্ষার্থীদের জন্য ১৮ বছর বা তার ঊর্ধ্বে করা হয়েছে। অন্য পেশায় বা সাধারণ মানুষের জন্য ২৫ বা তার ঊর্ধ্বে এখনো নিবন্ধন চলছে। তিনি বলেন, সুরক্ষা অ্যাপে গিয়ে নিবন্ধনের ফরম পূরণের সময় ‘পেশা’র ঘরে ছাত্রছাত্রী লেখা থাকতে হবে। যারা রেজিস্ট্রেশনের সময় ‘পেশা’র ঘরে ছাত্রছাত্রী লিখে পূরণ করেছেন, তারা নিবন্ধন করতে পারবেন। আর যারা এভাবে ফিলআপ করেননি তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আসতে হবে।
এর আগে গত ২৬ জানুয়ারি টিকার জন্য নিবন্ধন শুরু হয়। তখন শুধু ৪০ বছর বা এর বেশি বয়সীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছিলেন। গত ৫ জুলাই আগের চেয়ে আরও পাঁচ বছর কমিয়ে টিকার নিবন্ধনের জন্য যোগ্যদের বয়স ৩৫ বছর করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১৯ জুলাই আরও ৫ বছর কমিয়ে ৩০ বছর এবং ২৯ জুলাই বয়সসীমা আরও ৫ বছর কমিয়ে ২৫ বছর করা হয়েছে। অন্যদিকে টিকার অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা বয়সসীমার বাইরে। এই অগ্রাধিকার তালিকায় যুক্ত হলেন শিক্ষার্থীরা।
