মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী দাতো সিরি ইসমাইল সাবরি বিন ইয়াকুবকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গতকালই মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইসমাইল সাবরি। ১৬ আগস্ট পদত্যাগ করা মুহিউদ্দিন ইয়াসিনের স্থলাভিষিক্ত হলেন ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনও) শীর্ষস্থানীয় এই রাজনীতিবিদ। এর আগে গত শুক্রবার দেশটির রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহ নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরিকে নিয়োগ দেন।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাতে পেরে আমি খুব আনন্দিত।’ শেখ হাসিনা উল্লেখ করেন, ইসমাইল সাবরির ওপর অর্পিত মালয়েশিয়ার জনগণের বিশ্বাস ও আস্থা তার দীর্ঘকালীন রাষ্ট্রনায়কত্ব, বিচক্ষণতা এবং প্রতিশ্রুতির স্পষ্ট সাক্ষ্য বহন করে। তার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে মালয়েশিয়া তার কাক্সিক্ষত লক্ষ্যে আরও সমৃদ্ধ এবং অগ্রসর হবে।
বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশই সুবিধাজনক অবস্থানে থেকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসমাইল সাবরির দায়িত্ব পালনকালে তা আরও শক্তিশালী হয়ে উঠবে।
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মালয়েশিয়ার জনগণের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
