ক্যাপ্টেন আমেরিকার জন্য থেরাপি নেন ক্রিস ইভান্স

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০২:২৭ পিএম

এ সময়ে হলিউডের অন্যতম মুখ ক্রিস ইভান্স। বহুমুখী প্রতিভার অধিকারী এ তারকা সুপারহিরো চরিত্র ক্যাপ্টেন আমেরিকা দিয়ে সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান।

গত এক দশকে স্টিভ রজার্সের ভূমিকায় ইভান্সকে একাধিক সিনেমায় দেখা গেছে। কিন্তু শুরুতে বারবার প্রস্তাব ফিরিয়ে দেন। আর প্রস্তাব যখন গ্রহণ করেন, তখন তাকে থেরাপির আশ্রয় নিতে হয়।

২০১৯ সালে এক আলাপচারিতায় থেরাপি নিয়ে মুখ খোলেন অভিনেতা। বারবার ফিরিয়ে দেওয়ার পর প্রস্তাবটি গ্রহণ করে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। ছবির জন্য জীবন যাপনের পরিবর্তন নিয়ে নার্ভাস হয়ে পড়েন। এ ছাড়া একাধিক সিনেমার প্রতিশ্রুতি নিয়ে উদ্বেগ তো ছিল। গত ১০ বছরে তিনি সিরিজের ছয়টি ছবিতে অংশ নিয়েছে।

ইভান্স জানান, সিনেমা ভালোবাসলেও বড় তারকা হওয়ার জন্য মরতে চান না। তিনি চাইলে ছেড়ে দিতে পারতেন। কিন্তু ছয়টি ছবির জন্য চুক্তির পর আর ছেড়ে যেতে পারেননি।

২০১১ সালের ‘দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’-এর সাফল্যের পর একে একে দ্য অ্যাভেঞ্জার্স, ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স: এইজ অব অলট্রন, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার ও অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এ অভিনয় করেন। এর মাঝে একাধিক সিনেমায় ক্যামিও রোলে হাজির হন তিনি। আর শেষ ছবিতে এসে সুপারহিরো চরিত্র থেকে অবসর নেন।

ক্রিস ইভান্সকে সর্বশেষ দেখা গেছে চলতি মাসে মুক্তি পাওয়া ‘ফ্রি গাই’ ছবিতে। তার হাতে আরও আছে ডোন্ট লুক আপ, লাইটইয়ার ও দ্য গ্রে ম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত