শারীরিক ও মানসিক প্রস্তুতি নিচ্ছি

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১১:৪৯ পিএম

তরুণ প্রজন্মের মেধাবী অভিনেতা শরিফুল রাজ। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’। ওয়েব সিরিজেও অভিষেক হতে চলেছে। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

প্রথম ওয়েব সিরিজ...

বেশকিছু সিনেমা ও ওয়েব ফিল্মে অভিনয় করা হলেও এখনো পূর্ণাঙ্গ ওয়েব সিরিজে কাজ করা হয়নি। এখন যেহেতু ওয়েব সিরিজের জনপ্রিয়তা সারাবিশে^ ছড়িয়ে পড়েছে, তাই আমারও কাজের ইচ্ছা ছিল। অবশেষে ভারতীয় একটি ওয়েব প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে অভিনয়ের কথাবার্তা অনেক দূর এগিয়েছে। তবে এখনো চুক্তি না করার কারণে সিরিজটির নাম কিংবা পরিচালকের নাম বলতে পারছি না। শুধু এটুকু বলি, গল্পটি আমার ভীষণ পছন্দ হয়েছে। চরিত্রটি দারুণ চ্যালেঞ্জিং, তাই বেশকিছু দিন ধরে কাজটির জন্য শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিতে হচ্ছে।

নেটওয়ার্কের বাইরে...

এটি আমার প্রথম ওয়েব ফিল্ম। এর নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বেশকিছু জনপ্রিয় কাজ করেছেন। তার সঙ্গে কাজ করতে গিয়ে মনে হয়েছে সব গুছিয়েই শুরু করেছেন। আমরা মাত্র ১৪ দিনে পুরো সিনেমার শ্যুটিং শেষ করেছি। অনেকগুলো লোকেশন ছিল, তাই বেশ চাপ নিয়েই কাজ করেছি। কিন্তু এর গল্প আর চারপাশের মহল এতটাই তারুণ্যদীপ্ত যে, সেই চাপটা চাপ মনে হয়নি। চার তরুণের বন্ধুত্বের গল্প। মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছি। কষ্ট করে কাজ করার পর এমন সাড়া সত্যিই অনুপ্রাণিত করে। তাছাড়া ‘ন ডরাই’-এর পর আরও তিনটি সিনেমার কাজ শেষ করলেও এটিই দর্শকের সামনে আগে এসেছে। অনেক দিন পর নিজেকে পর্দায় দেখার এক্সাইটমেন্টও আলাদা।

কে কেমন...

‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমায় যে আট তারকা অভিনয় করেছেন, প্রত্যেকেই ভালো অভিনয় করেন। তবে ব্যক্তিগতভাবে একেক জনকে একেক কারণে আমার স্পেশ্যাল মনে হয়। এই যেমন নাযিফা তুষি আমার অনেক দিনের বন্ধু। তার সঙ্গে বেশকিছু কাজ করেছি। তার সঙ্গে কমফোর্ট লেবেলটাই অন্যরকম। এ ছবিতেও আমরা জুটি হয়ে কাজ করেছি। ইয়াশ রোহানের সঙ্গে এর আগে রায়হান রাফির পরান সিনেমাটি করেছি। সে মানুষকে খুব সুন্দরভাবে মোটিভেট করতে পারে। অর্ষা অভিনয় ক্যারিয়ারে আমাদের চেয়ে অনেক সিনিয়র। তারমধ্যে সেই টেককেয়ার করার স্বভাব আছে। কিন্তু সে বিন্দুমাত্র বুঝতে দেয় না, অনেক সিনিয়র। বন্ধুর মতোই মিশে গিয়েছিল আমাদের সঙ্গে। খায়রুল বাসারকে আমার মনে হয় প্রেমিক পুরুষ। বাস্তবে এবং পর্দায় সে সবসময় প্রেমের মধ্যেই থাকে। জুনায়েদ খুবই ফানলাভিং। মানুষকে হাসাতে পারে। ফারিনের সঙ্গে কাজ কম হয়েছে। যতটুকু দেখেছি তাকেও ফ্রেন্ডলি মনে হয়েছে। আর তাসনুভ তিশা ভীষণ চঞ্চল। সারাক্ষণ ছোটাছুটি করে, এর মধ্যেই দারুণ শট দেয়।

মুক্তির অপেক্ষায়... 

মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি সিনেমা। রায়হান রাফির ‘পরান’ ও ‘দামাল’ আর মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। তিনটি সিনেমাই দারুণ হয়েছে। আশা করছি ছবি তিনটি দর্শকও পছন্দ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত