গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট হরিপদ বণিক (৬০) ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার ভোরে উপজেলার সূত্রাপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার পিতা কালিপদ বণিক ছিলেন কালিয়াকৈর উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট। পিতার মৃত্যুর পর হরিপদ বণিক ৪০ বছর যাবৎ পত্রিকা এজেন্ট (বণিক স্টোর) পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গভীর শোক প্রকাশ করেছেন।
হরিপদের বড় ছেলে তুষার বণিক জানান, তার বাবা দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। গতকাল ভোররাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বাবার অবর্তমানে তুষার বণিক সুষ্ঠুভাবে পত্রিকা এজেন্ট (বণিক স্টোর) পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
