দিনাজপুর শহরে ফুটবল খেলার মাঠে বজ্রপাতে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে ৩ শিশু গুরুতর আহত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর শহরের নিউটাউন ৮নং ব্লকের ফুটবল খেলার মাঠে এই ঘটনা ঘটে। তারা সকলেই ৮নং নিউটাউন ও রেলঘুন্টি এলাকার বাসিন্দা।
বজ্রপাতে নিহত ৪ শিশু হলেন- আপন (১৬), মিম (১০), হাসান (১২), সাজ্জাদ (১৩)। আহত ৩ শিশু হলেন- মমিনুল (১৬), আতিক (১৬), সাজু (১৫)।
আহতদের মধ্যে মমিনুল ও আতিক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে।
কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দুপুর থেকে দিনাজপুর শহরে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে কয়েকজন শিশু ও কিশোর ৮নং নিউটাউনের খেলার মাঠে ফুটবল খেলছিল। বৃষ্টি বেড়ে গেলে মাঠের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেয় তারা। এ সময় সেই ছাউনিতে বজ্রপাত হলে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় ৩ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, বজ্রপাতে ৪ নিহতের মরদেহ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এ ছাড়া ৩ জন আহত শিশুকে নিয়ে আসেন তারা। আহতদের মধ্যে ২ জনকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
