বৃষ্টি অব্যাহত থাকায় দেশে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১০:০৩ পিএম

দেশের উজানে মাঝারি থেকে ভারি বর্ষণের পাশাপাশি অভ্যন্তরে ও উত্তরাঞ্চলে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এতে চলমান বন্যা পরিস্থিতি আরও পাঁচ দিন অব্যাহত থাকবে।

সোমবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আভাস দিয়েছে, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, নদ-নদীর ৭টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে। আগামী ৭২ ঘণ্টা দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে মাঝারি থেকে ভারি বর্ষণের আভাস রয়েছে। এতে তিস্তা, ধরলা, দুধকুমার, বহ্মপুত্র ও ‘আপার’ মেঘনা অববাহিকায় পানি বাড়বে।

তিনি জানান, বহ্মপুত্র-যমুনার পানি স্থিতিশীল রয়েছে। ২৪ ঘন্টা তা অব্যাহত থাকবে। গঙ্গার পানি কমলেও পদ্মার পানি বাড়ছে। আগামী ২৪ ঘন্টা তা অব্যাহত থাকবে।

উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী ৭২ ঘণ্টা বলে তিনি উল্লেখ করেন।

পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসের তথ্য দিয়ে জানান এ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত